Views Bangladesh Logo

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন চাইলেন অভিনেতা আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালতের কাছে জামিন আবেদন করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তার জামিন আবেদনের শুনানি চলছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্য ও বাসার মালিক তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

জানা যায়, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

এর আগে একই মামলায় গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ