যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শুক্রবার (১০ জুলাই) রাজধানীর হাতিরঝিলে ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা থানা সংসদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তিনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং যুবসমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সজীব এবং আহ্বায়ক মো. সোহেল ফকির বক্তব্য দেন। এছাড়া কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব সাহা ও সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে যুব ইউনিয়ন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ইরান মোল্লা সভাপতি এবং মো. সোহেল ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে ২৫ সদস্যের নতুন কমিটিও গঠন করা হয়েছে, যেখানে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের নির্বাচিত করা হয়েছে। দুটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে, যা পরে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।
মতামত দিন