ঢাবিতে ধর্ম অবমাননার মামলায় যুবক কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মেহেদী হাসান (৩১)। পুলিশ জানিয়েছে, তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়।
মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর রচিত কোরআনের তাফসির ‘আফহিমুল কুরআন’ বইয়ের তিনটি কপি আগুনে পোড়ানো হয়। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
ঘটনার পর সেখানে উপস্থিত একদল মানুষ মেহেদীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। সেই মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম বলেন, ‘শুনানির সময় মেহেদী হাসানের পক্ষে জামিনের আবেদন ছিল না। তাকে এজলাসে তোলা হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের প্রধান কর্মকর্তা ইউসুফ হারুন বলেন, ‘গতকাল রাতে একটি ছেলে, বেশভূষায় পাগল মনে হয়েছে, কোরআন শরিফের কয়েকটি পাতা হাতে নিয়ে ঘুরছিল। সেটা কয়েকজন দেখার পর তাকে মারতে উদ্যত হয়। পরে প্রক্টরিয়াল টিমসহ পুলিশ মিলে তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করি।’
মতামত দিন