তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে নিহত যুবক, গ্রেপ্তার ৪
পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন—মো. রাশেদ, আতিকুল ইসলাম শান্ত, মো. হৃদয় ও শিহাব মোল্লা।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) বিকেলে সূত্রাপুরের বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি বাংলাবাজারের পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের সামনে পৌঁছালে ডুলির রশি ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে আত্মরক্ষার জন্য নিহত মো. জাকির হোসেন (৩১) ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর নিহতের বড় ভাই সূত্রাপুর থানায় অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় মোট ১০ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করে ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
মতামত দিন