Views Bangladesh Logo

নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক জাহিদ হাসান জানান, ভোরে নয়াপল্টনে রাস্তা পার হচ্ছিলেন মিজানুর। এ সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রথমে মিজানুরের পরিচয় জানা যায়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।

পুলিশের তথ্য অনুযায়ী, মিজানুর মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নয়াপল্টন বিএনপি কার্যালয় এলাকায় থাকতেন। তার বাবার নাম মফিজুর রহমান। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামে।

মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ