Views Bangladesh Logo

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর ধলপুরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে।

আহত জাকারিয়া জানান, রাতে উত্তর ধলপুর এলাকায় হেলমেট পরিহিত ৬-৭ জনের একদল সন্ত্রাসী ইমরানকে লক্ষ্য করে ‘দৌড় দিবি না’ বলে চিৎকার দিয়ে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের ছোড়া গুলি ইমরানের মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। একই সময় একটি পথভ্রষ্ট গুলি জাকারিয়ার পায়ে এসে লাগলে তিনিও গুরুতর আহত হন। হামলা শেষে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।

ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় জাকারিয়া নামের একজন জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ