ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবক মারা গেছেন। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সকালে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন রাকিব। এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবা মফিজুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। স্থানীয় একটি কলেজ থেকে সম্প্রতি অনার্স শেষ করেছিলেন রাকিব। একটি চাকরির সাক্ষাৎকার দিতে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
মতামত দিন