বনানীতে চাকু হাতে মহড়া, যুবক আটক
রাজধানীর বনানীতে ধারালো চাকু হাতে রাস্তায় মহড়া দেওয়ার অভিযোগে হযরত আলী (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাকু ও প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হযরত আলী একটি পুলিশ পিকআপভ্যানের পেছনের পাদানিতে বসে হাতে থাকা চাকু ঘুরিয়ে ভীতি সৃষ্টি করছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে থামানো একটি মোটরসাইকেল নিজের বলে দাবি করে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তার হাতে চাকু থাকায় প্রথমে কাছে যেতে পারছিলেন না পুলিশ সদস্যরা। পরে এক পুলিশ সদস্য গাড়ির আড়াল থেকে এগিয়ে গিয়ে তাকে জাপটে ধরেন। এরপর তার হাতে হাতকড়া পরানো হয়।
পুলিশের ভাষ্য, হযরত আলী কড়াইল বস্তিতে থাকেন। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ চারটি মামলা রয়েছে। যে মোটরসাইকেলটি তিনি নিজের বলে দাবি করছিলেন, সেটি তার নয়। পুলিশ বলছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তিনি মোটরসাইকেলটি নিজের বলে দাবি করেছিলেন।
বনানী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, হযরত আলীর কাছ থেকে একটি চাকু ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন