মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক
রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লা সদরের শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক।
ভুক্তভোগী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, মেট্রো স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রঞ্জিত তাদের পেছন থেকে মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করছিলেন।
বিষয়টি টের পেয়ে দুই তরুণী প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় রঞ্জিতকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পুলিশের দাবি, রঞ্জিতের কাছে থাকা মোবাইল ফোন পরীক্ষা করে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া গেছে। ভুক্তভোগী এক তরুণীর অভিযোগ, রঞ্জিতের ফোনে আরও অনেক নারীর হাঁটা ও পেছন দিক থেকে ধারণ করা ভিডিও রয়েছে।
তিনি বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় রঞ্জিত তাদের সামনে চলে গিয়ে মোবাইল ফোন পেছনের দিকে ধরে ভিডিও করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ফোন দেখতে চাইলে তিনি ব্যক্তিগত ছবি থাকার কথা বলে ফোন দেখাতে অস্বীকৃতি জানান। পরে ফোন পরীক্ষা করে ভিডিও ধারণের বিষয়টি ধরা পড়ে।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্যু মারমা বলেন, অভিযুক্ত রঞ্জিত থানায় আছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মতামত দিন