রাজধানীতে বাসার ছাদে বজ্রপাতে যুবকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বজ্রপাতে রিয়াজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা আহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি হাজারীবাগের একটি জুতা ও লেদার কারখানায় কাজ করতেন। কিছুদিন কাজ ছেড়ে গ্রামে থাকার পর এক মাস আগে আবার কাজে যোগ দিতে ঢাকায় আসেন।
রিয়াজের স্বজন মো. সুমন বলেন, বৃষ্টিতে ভিজতে রিয়াজ ও অন্তরা ছাদে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে দুজনই অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্তরা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য রিয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মতামত দিন