Views Bangladesh Logo

বনশ্রীতে কুকুরকে খাবার দেওয়ায় তরুণীকে মারধরের অভিযোগ

রাজধানীর বনশ্রী এলাকায় পথকুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া রহমান নামে এক তরুণীকে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার খিলগাঁও থানায় অভিযোগ দিয়েছেন সুমাইয়া। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

সুমাইয়ার অভিযোগ, কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তাকে মুখে ঘুষি মারেন। পরে আরও কয়েকজন এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন।

প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধরসহ লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলায় তার মুখ, চোয়াল, চোখের নিচে ও হাতে আঘাত লাগে। বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার সুমাইয়া থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের পর বিকেলে সুমাইয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা–পুলিশ। কারা হামলায় জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ