Views Bangladesh Logo

নারীর সঙ্গে বসতেই আপত্তি, প্রতিনিধিত্ব করবেন কীভাবে, প্রশ্ন বাসদ প্রার্থী মনীষার

 VB  Desk

ভিবি ডেস্ক

কটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো ‘জনতার দরবার’-এ ঘটে যাওয়া ঘটনায় সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন, অনুষ্ঠানে তার সঙ্গে বৈষম্যমূলক ও নারীবিদ্বেষী আচরণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা বুধবার রাতে নিজের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ডা. মনীষা বলেন, টকশোতে তাকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান চলাকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাকে মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। এ সময় চ্যানেল কর্তৃপক্ষ জানায়, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে আবার যুক্ত হবেন। তবে অনুষ্ঠান শেষে তিনি লক্ষ করেন, অন্য কোনো অতিথির ক্ষেত্রে এমনটি ঘটেনি।

তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘মিথ্যা অজুহাত’, যা স্বচ্ছতা ও পেশাদারত্বের অভাবেরই প্রমাণ। তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানে অংশ নেওয়া বরিশাল-৫ আসনের চরমোনাই সমর্থিত একজন প্রার্থী একজন নারীর সঙ্গে একই মঞ্চে বসে আলোচনা করতে অস্বস্তি বোধ করায় তাকে সরিয়ে দেওয়া হয়।

ডা. মনীষা বলেন, এটি নারীবিদ্বেষের একটি চরম বহিঃপ্রকাশ। আরও উদ্বেগজনক বিষয় হলো—চ্যানেল কর্তৃপক্ষ সেই মনোভাবকে প্রশ্রয় দিয়েই আমাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি এ ঘটনাকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী, অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ হিসেবে উল্লেখ করেন। তার মতে, কোনো আমন্ত্রিত অতিথিকে এভাবে বিনা নোটিশে সরিয়ে দেওয়া পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন।

ডা. মনীষা আরও বলেন, যদি আগে থেকেই আমাকে জানানো হতো যে অনুষ্ঠানে এমন একজন অতিথি থাকবেন, যিনি নারীর সঙ্গে বসতে অনিচ্ছুক এবং সে কারণে আমাকে সরে যেতে হতে পারে—তাহলে আমি ওই অনুষ্ঠানে অংশ নিতাম না।

অতিথিদের জন্য এমন শর্ত বা পরিস্থিতি আগাম না জানানো সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, যিনি জনসংখ্যার অর্ধেক অংশ—অর্থাৎ নারীদের সঙ্গে বসে আলোচনা করতেই পারেন না, তিনি আদৌ সব মানুষের প্রতিনিধি হতে পারেন কি না, সেটাই বড় প্রশ্ন।

তার মতে, এ ধরনের মনোভাবকে জায়গা দিয়ে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল একটি অনাকাঙ্ক্ষিত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নজির স্থাপন করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বাসদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ