ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
ইসরায়েলের ওপর এবার ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্রিয় রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে থাকে।
গত সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েলকে লক্ষ করে মোট ৩৭০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি এলাকায় আঘাত এসেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সোমবার (১৬ জুন) সকাল পর্যন্ত এসব হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
এদিকে, তেল আবিবে মার্কিন দূতাবাসের নিকটবর্তী স্থানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । ইসরায়েলে নিযুক্ত মার্ক মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যমে জানান, ওই হামলায় দূতাবাসের ভবনে সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো মার্কিন কর্মীর কোনো ধরনের আঘাত লাগেনি।
হাকাবি আরও জানিয়েছেন, জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট সোমবার (১৬ জুন) বন্ধ থাকবে।
এর আগে গত শনিবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতে তিনি একাধিকবার আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সামাজিক মাধ্যমে তিনি ওই রাতকে ‘উত্তেজনাপূর্ণ ও কঠিন’ উল্লেখ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে