ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুতিদের ওপর ৭২৬ হামলা, হতাহত ১২১
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় হুথি বাহিনীর অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে তাদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
বিবৃতিতে তিনি জানান, সরকারি বাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের আওতায় ২৪ ঘণ্টায় ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে এসব অভিযানে হুথিদের বিরুদ্ধে ৭২৬টি সামরিক আক্রমণ পরিচালিত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, অভিযানে হুথি বাহিনীর ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। এ ছাড়া তাদের ৮১টি সামরিক যান ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ চলছে। এসব অঞ্চলে হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের সামরিক অবস্থান এবং নতুন করে মোতায়েন করা শক্তিবৃদ্ধিকারী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
দেশটিতে দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হওয়ার প্রেক্ষাপটে সরকারি বাহিনীর এই অভিযান পরিচালিত হলো। হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও অব্যাহত রয়েছে।
এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ হামলা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মতামত দিন