বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন ইয়ামাল-রদ্রিরা
ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছেন স্পেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। সোমবার (২০ জুলাই) লামিন ইয়ামাল, রদ্রি ও তাদের সতীর্থদের বহনকারী আইবেরিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে বিমানটি টার্মিনালের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটের জানালায় স্পেনের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। সবার আগে বিমান থেকে নামেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার পরেই নামেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি, যিনি সিঁড়ির ওপর দাঁড়িয়ে উঁচিয়ে ধরেন বিশ্বকাপ ট্রফি।
দেশে ফেরার পর বিশ্বচ্যাম্পিয়ন দলটির প্রথম গন্তব্য স্পেনের রাজপ্রাসাদ জারজুয়েলা, যেখানে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মনক্লোয়া প্রাসাদে সংবর্ধনায় অংশ নেবেন খেলোয়াড় ও কোচিং স্টাফ।
পরে ছাদখোলা বাসে করে মাদ্রিদের কেন্দ্রস্থলে বিজয় শোভাযাত্রা করবে স্পেন দল। শোভাযাত্রার শেষ গন্তব্য সিবেলেস স্কয়ার, যেখানে তাদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদযাপনে রাজধানীর রাস্তায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন