ব্রিকসের সদস্য দেশগুলোকে ‘সুরক্ষাবাদ’ প্রত্যাখ্যানের আহ্বান শি’র
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত নিয়ে মন্তব্য করতে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে নয়। এ যুদ্ধ ওই অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষয়ক্ষতি ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে শি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে শি বলেন, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালনে চীন ব্রিকসের অন্য সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, চলমান যুদ্ধ পুরো অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে নয়।
ব্রিকসের সদস্য দেশগুলোকে সব ধরনের ‘সুরক্ষাবাদ’ প্রত্যাখ্যান করার আহ্বান জানান শি। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে সমর্থন করতে হবে এবং সব ধরনের সুরক্ষাবাদী নীতি প্রত্যাখ্যান করতে হবে।
একই সঙ্গে ব্রিকসের সদস্য দেশগুলোকে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।
প্রায় সাত বছর পর ভারত সফরে যাওয়া শি জিনপিং ব্রিকস দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতা আরও গভীর করার প্রস্তাবও দিয়েছেন। নতুন এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্পায়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্কনীতির প্রসঙ্গ টেনে শি ব্রিকসের সদস্য দেশগুলোকে ইচ্ছামতো শুল্ক আরোপের বিরোধিতা করার আহ্বান জানান।
শনিবার দুপুরে নয়াদিল্লির ভারত মণ্ডপম সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দেন শি। সম্মেলনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। সম্মেলনের ফাঁকে একই দিন সন্ধ্যায় দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে।
মতামত দিন