মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া নেতাদের সম্মানে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার সম্মেলনের ফাঁকে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তবে ঠিক কী কারণে শি জিনপিং এতে যোগ দেননি, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একটি সূত্রের ধারণা, তিনি বিশ্রামের জন্য নিজের হোটেলে ফিরে গিয়েছিলেন।
এর আগে শনিবার বিকেলে দিল্লিতে পৌঁছে ব্রিকস সম্মেলনে যোগ দেন শি জিনপিং। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি। দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট।
এদিকে, দিনের বেলায় সম্মেলন শেষ করে দেশে ফিরে যাওয়ায় আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মেদও নৈশভোজে উপস্থিত ছিলেন না। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য ব্রিকস নেতা এতে যোগ দেন।
মতামত দিন