রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
সোমবার ঢাকায় চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পরস্পরকে সমানভাবে সম্মান করে এসেছে এবং একে অপরের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে পারস্পরিক সমর্থন দিয়ে আসছে। নিজেদের উন্নয়ন ও আধুনিকায়নের পথ অনুসরণেও দুই দেশ একে অপরকে সমর্থন করেছে বলে উল্লেখ করেন তিনি।
চীনের রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে আছে।
ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে বার্তায় জানান শি জিনপিং।
একই সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিময় আরও সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতামত দিন