আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর
নতুন শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণির অনলাইন ভর্তি প্রক্রিয়া আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ২২০ টাকা জমা দিয়ে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীরা। পুরো প্রক্রিয়াটি এসএসসি ও সমমানের ফলাফলের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা মেধানুসারে ভর্তির সুযোগ পাচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং বাকি ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ভর্তিসংক্রান্ত সার্বিক সময়সূচি নিশ্চিত করেছেন। যাদের পুনর্নিরীক্ষণের ফল বাকি রয়েছে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া শেষে ১৭ সেপ্টেম্বর রাতে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে মূল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হতে যাচ্ছে।
মতামত দিন