শিক্ষক নিবন্ধনে ফিরছে লিখিত পরীক্ষা, বহাল থাকছে এনটিআরসিএ পদ্ধতি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের পরীক্ষাপদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক নিবন্ধন সনদ পেতে প্রার্থীদের আবারও প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পার হতে হবে। এর ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের বিদ্যমান পদ্ধতিই বহাল থাকছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ পরীক্ষা পূর্বের কাঠামোতে নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক নিবন্ধন সনদ অর্জনের জন্য প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সব ধাপ সফলভাবে অতিক্রম করার পর নিবন্ধন সনদ পাওয়ার সুযোগ থাকবে।
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা নিয়ে পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে মঙ্গলবারের সভায় সেই সিদ্ধান্ত বাতিল করে প্রচলিত পরীক্ষাপদ্ধতিই পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষার গুরুত্ব আগের মতোই থাকছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হবে। এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন