হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে শিশু মৃত্যুর ঘটনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং নেওয়া পদক্ষেপ বিস্তারিতভাবে উল্লেখ থাকতে হবে।
এছাড়া, টিকাদান কার্যক্রমে ব্যর্থতা, টিকার ঘাটতি ও প্রতিরোধমূলক পদক্ষেপে বিলম্বের কারণ নির্ধারণে একটি স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, সময়মতো টিকাদান কার্যক্রম নিশ্চিত না করা, টিকার প্রাপ্যতা ও স্বাস্থ্যসেবা সুবিধা পর্যাপ্তভাবে নিশ্চিত না করা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। ফলে, আদালতের নির্দেশে জরুরি হাম টিকাদান কর্মসূচি কার্যকর করতে, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও আনুষঙ্গিক লজিস্টিক সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়েছে, চলমান সংক্রমণের মাঝেও স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণে পদক্ষেপে ব্যর্থতা জননিরাপত্তার প্রতি অবহেলা এবং শিশুদের জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে