গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় ‘জনস্বার্থে’ এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর দাবি, গণভোট আয়োজন ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া সংবিধান ও প্রচলিত আইনের আলোকে পর্যালোচনা করা প্রয়োজন।
আইনজীবী আতাউল মজিদ তৌহিদ জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘পরিবর্তনের পক্ষে’ অর্থাৎ ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। দেশব্যাপী এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯। ‘না’ ভোট পেয়েছে: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।
১৩ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যেই গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট দায়ের হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
রিটটি শুনানির জন্য কবে কার্যতালিকায় আসবে, সে বিষয়ে আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে