অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।
রিট আবেদনে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা তদন্তে একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইনজীবী মহসিন রশিদ জানান, এই রিটে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রণীত বিভিন্ন নতুন আইন, বিভিন্ন সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষরিত চুক্তি।
তিনি আরও জানান, আজই আবেদনটি শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চে উপস্থাপনের চেষ্টা করবেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ এবং গঠনপ্রক্রিয়া চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট তা-ও খারিজ করে দেয় এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে