Views Bangladesh Logo

বিশ্বকাপের সেমিফাইনালে ৪ দল নিশ্চিত, কবে ও কখন খেলা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে। শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

কানসাস সিটিতে শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোরে) কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা।

ম্যাচের দশম মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। এর কিছু পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। দশজনের দল নিয়েও দীর্ঘক্ষণ প্রতিরোধ গড়ে তোলে সুইসরা, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

খেলা যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। আর অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে প্রতি-আক্রমণ থেকে ফিরতি বলে গোল করে জয় নিশ্চিত করেন লাউতারো মার্তিনেস। এদিন গোল না পাওয়ায় টানা নয় ম্যাচে গোলের ধারা থামল মেসির, তবে আট গোল নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

একই দিনে আরেক কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে দুটি গোলই করেন জুড বেলিংহাম। এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল থ্রি লায়ন্সরা, শেষ তিন বিশ্বকাপের মধ্যে এটি তাদের দ্বিতীয় সেমিফাইনাল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া আর্লিং হালান্ডের নরওয়ের স্বপ্নযাত্রা থামল শেষ আটেই।

এর আগে বৃহস্পতিবার বোস্টনে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে সেমিফাইনালে ওঠে ফ্রান্স। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। এমবাপ্পের এটি ছিল চলতি আসরে অষ্টম গোল।

পরদিন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো, যিনি শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষেও শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছিলেন। ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠল লা রোহারা। ফিফার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল ফ্রান্স ও স্পেনের এই লড়াইকে অনেকে বলছেন ‘আগাম ফাইনাল’।

প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুলাই ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন (বাংলাদেশ সময় ১৫ জুলাই রাত ১টা)। দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা (বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টা)। আর ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৪৮ দলের এই মেগা আসরের ফাইনাল (বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টা)।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ