বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিটের দাম ১০ থেকে ৬০ হাজার ডলার
২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে শেষ মুহূর্তে পাওয়া টিকিটের দাম আকাশছোঁয়া হয়েছে। ফিফার অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে এবং অন্যান্য টিকিট বিক্রির ওয়েবসাইটে কিছু টিকিট পাওয়া গেলেও সেগুলোর মূল্য ছিল ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।
শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে গোলপোস্টের পেছনের মাঝারি সারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১.২৫ ডলার। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায়। এরপর অবশিষ্ট টিকিটের সর্বনিম্ন মূল্য দাঁড়ায় ১০ হাজার ডলার, আর বিশেষ হসপিটালিটি আসনের দাম পৌঁছে যায় ৬০ হাজার ডলার পর্যন্ত।
আপার ডেকের কর্নার সিটের টিকিটের দাম ছিল প্রায় ১০ হাজার ডলার। মাঠের আরও কাছাকাছি আসনের জন্য গুনতে হয়েছে প্রায় ১৬ হাজার ডলার।
অন্যদিকে সিটগিক ও স্টাবহাবের মতো টিকিট বিক্রির প্ল্যাটফর্মেও আপার ডেকের টিকিট প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়। লোয়ার বোলের কিছু আসনের মূল্য ছিল প্রায় ৩৫ হাজার ডলার।
ফুটবলপ্রেমীদের কাছে এই ফাইনালের আকর্ষণও ছিল বিশেষ। একদিকে এটি হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ, অন্যদিকে লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনাল। তাই উচ্চমূল্য সত্ত্বেও টিকিটের চাহিদা ছিল ব্যাপক।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সফল হলে ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে তারা। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলবে।
এদিকে এবারের বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। শুরু থেকে মাঠে নামলে তিনি বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে শুরুর একাদশে থাকার রেকর্ড গড়বেন। একই সঙ্গে তিনি গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন।
মতামত দিন