বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আমেজ, হাফটাইম শো ঘিরে বাড়ছে বিরতির সময়
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, বিনোদনের দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে সুপার বোলের আদলে জাঁকজমকপূর্ণ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। এ কারণে ম্যাচের বিরতির সময়ও স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের হাফটাইম বিরতি ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে। বিরতির সময় প্রায় ১১ মিনিটের একটি সংগীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এই আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা ও শাকিরা। তাদের সঙ্গে মঞ্চে থাকবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফার সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, বিরতির সময় ২০ মিনিট করার সম্ভাবনাই বেশি। তবে আরেকটি বিকল্প পরিকল্পনায় প্রথমে নিয়মিত ১৫ মিনিটের বিরতি এবং পরে আলাদা করে ১১ মিনিটের সংগীতানুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।
তবে বিষয়টি নিয়ে কিছুটা জটিলতাও রয়েছে। কারণ, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)–এর নিয়ম অনুযায়ী, হাফটাইমের বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। তাই ফাইনালের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
অবশ্য বড় ম্যাচে দীর্ঘ হাফটাইম আয়োজন ফিফার জন্য একেবারে নতুন নয়। গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও সংগীতানুষ্ঠানের কারণে বিরতির সময় বেড়ে ২৪ মিনিট হয়েছিল।
এবারের হাফটাইম শোতে সম্প্রতি যুক্ত হয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া বার্না বয়, গুস্তাভো দুদামেল, পিএস২২ কোরাস এবং বিশেষ অতিথি হিসেবে কোল্ডপ্লেও পারফর্ম করবে। পুরো অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।
সমাপনী অনুষ্ঠানে আরও পারফর্ম করার কথা রয়েছে টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।
মতামত দিন