নকআউটে ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডসের প্রতিপক্ষ কারা?
গ্রুপ 'এ' থেকে 'এফ'-এর সবকটি ম্যাচ শেষ হওয়ার পর ক্রমশ স্পষ্ট হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের চিত্র। ইতিমধ্যে শেষ ৩২ বা নকআউট পর্বের বেশ কয়েকটি ম্যাচ চূড়ান্ত হয়ে গেছে, বাকি দলগুলোর ভাগ্য নির্ধারণ হবে টুর্নামেন্টের সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর সমীকরণের ওপর।
প্রথম ছয়টি গ্রুপ থেকে ইতিমধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ), সুইজারল্যান্ড ও কানাডা (গ্রুপ বি), ব্রাজিল ও মরক্কো (গ্রুপ সি), মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া (গ্রুপ ডি), জার্মানি ও আইভরি কোস্ট (গ্রুপ ই) এবং নেদারল্যান্ডস ও জাপান (গ্রুপ এফ)। সব গ্রুপের খেলা শেষ হলে সেরা আটটি 'তৃতীয় স্থান অধিকারী' দল দিয়ে পূরণ হবে নকআউটের বাকি স্থানগুলো।
আগামী ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া শেষ ৩২-এর নিশ্চিত হওয়া ফিক্সচার অনুযায়ী, ওই দিন গ্রুপ 'এ'র রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে গ্রুপ 'বি' রানার্স-আপ কানাডার। একই দিনে গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে গ্রুপ 'এফ' রানার্স-আপ জাপানের বিরুদ্ধে।
পরদিন ৩০ জুন গ্রুপ 'ই'-এর চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে গ্রুপ এ, বি, সি, ডি অথবা এফ-এর তৃতীয় স্থান অধিকারী দলের; যেখানে প্যারাগুয়ে বা সুইডেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। । ওই দিনই গ্রুপ 'এফ' চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস খেলবে গ্রুপ 'সি' রানার্স-আপ মরক্কোর বিপক্ষে এবং গ্রুপ 'ই' রানার্স-আপ আইভরি কোস্ট লড়বে গ্রুপ 'আই'-এর রানার্স-আপ দলের সঙ্গে, যেখানে ফ্রান্স বা নরওয়ের আসার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ম্যাচগুলোতে ১ জুলাই গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন মেক্সিকো খেলবে সি, ই, এফ, এইচ অথবা আই গ্রুপের তৃতীয় দলের সঙ্গে। ২ জুলাই গ্রুপ 'ডি' চ্যাম্পিয়ন স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বসনিয়ার, যারা গ্রুপ 'বি'-এর তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে। ৩ জুলাই গ্রুপ 'বি' চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড খেলবে ই, এফ, জি, আই অথবা জে গ্রুপের তৃতীয় হওয়া দলের বিপক্ষে। ৪ জুলাই গ্রুপ 'ডি' রানার্স-আপ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে গ্রুপ 'জি'-এর রানার্স-আপ দল, যেখানে মিশর, ইরান অথবা বেলজিয়ামের যেকোনো একটি দল আসতে পারে।
বাকি গ্রুপগুলোর খেলা এখনো শেষ না হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর ভাগ্য এবং নকআউট পর্বের বাকি ম্যাচগুলোর লাইন-আপ পুরোপুরি চূড়ান্ত হয়ে যাবে।
মতামত দিন