বিশ্ব প্রাণী দিবস আজ
প্রকৃতির ভারসাম্য রক্ষা, পরিবেশের জৈববৈচিত্র্য বজায় রাখা এবং প্রাণীদের প্রতি মানুষের সদয় আচরণের বার্তা পৌঁছে দিতে আজ রবিবার (৪ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। পোষা প্রাণী থেকে শুরু করে বন্যপ্রাণী—মানবজীবনে উপকারে আসা এসব প্রাণীর অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য।
ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে জার্মান লেখক হেনরিক জিম্মারমেন সর্বপ্রথম বিশ্ব প্রাণী দিবস উদযাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে ১৯২৯ সাল থেকে দিবসটি ৪ অক্টোবর পালন করা শুরু হয়।
এরপর ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে পরিবেশ বিজ্ঞানী ও প্রাণী বিশেষজ্ঞদের প্রস্তাবনায় ৪ অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘নেচার ওয়াচ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রাণী কল্যাণমূলক সংস্থা প্রাণীদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি উদযাপন করে থাকে।
পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে ও মানবিক সমাজ গঠনে প্রাণিকুলের অবদান অনস্বীকার্য—এমন বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে আজকের দিনে।
মতামত দিন