মায়েলোমা অ্যাকশন মান্থ উপলক্ষে মাল্টিপল মায়েলোমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বব্যাপী মার্চ মাস ‘মায়েলোমা অ্যাকশন মান্থ’ হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে মাল্টিপল মায়েলোমা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলামসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট হেমাটোলজিস্ট, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মোছাব্বির।
কর্মশালায় মাল্টিপল মায়েলোমা রোগের সর্বশেষ গবেষণালব্ধ আধুনিক চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী রোগ ব্যবস্থাপনা, দ্রুত শনাক্তকরণ, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযোজ্য চিকিৎসা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টরা।
বিশেষজ্ঞরা বলেন, আধুনিক চিকিৎসা ও সময়মতো রোগ নির্ণয়ের মাধ্যমে মাল্টিপল মায়েলোমা রোগীদের জীবনমান উন্নয়ন এবং চিকিৎসার সাফল্য অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।
কর্মশালায় প্যানেল আলোচনা ছাড়াও বৈজ্ঞানিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতামূলক কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা মাল্টিপল মায়েলোমা রোগীদের চিকিৎসা ব্যয় কমানো, সবার জন্য সমান চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ বলেন, 'বাংলাদেশে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের মধ্যে রোগটির আধুনিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান বিনিময় ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করতে চাই, যাতে রোগীরা আরও উন্নত সেবা পেতে পারেন।'
শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে