দুবাইয়ে আজ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (২৮ আগস্ট) শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং, চীন।
আট দলের এই টুর্নামেন্ট চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। সব ম্যাচই একই মাঠে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও টুর্নামেন্টে অভিষেক হতে যাওয়া ইন্দোনেশিয়া।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এবারের এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। সহঅধিনায়ক নাহিদা আক্তার। ১৫ সদস্যের দলে আরও রয়েছেন দিলারা আক্তার, ফারজানা ইয়াসমিন, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, শোরনা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবিয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও শানজিদা আক্তার মাগলা।
আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর ইউএইর বিপক্ষে খেলবে তারা। তিনটি ম্যাচই দুবাই সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
নারী এশিয়া কাপে এখন পর্যন্ত শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২০১৮ সালে ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।
এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং, চীন। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইউএই ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের ফাইনালে ডাম্বুলায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। অন্যদিকে সাতবারের চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপের সবচেয়ে সফল দল।
এবারের আসরটি নারী এশিয়া কাপের দশম সংস্করণ। প্রথমবারের মতো টুর্নামেন্টটির আয়োজক হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
মতামত দিন