Views Bangladesh Logo

কাফরুলে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর কাফরুলের কাজীপাড়া মেট্রোস্টেশনের পাশে একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, গত এপ্রিল মাস থেকে ওই ফ্ল্যাটে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ভাড়া থাকতেন রাবেয়া। পরিবারের অমতে বিয়ে করায় তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে স্বজনেরা জানিয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, গত ১৪ জুন রাত ১২টার দিকে আশিকুজ্জামান বাসা থেকে বের হন এবং এরপর আর ফেরেননি। মঙ্গলবার ফ্ল্যাটের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর রাবেয়ার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, মরদেহে পচন ধরে অর্ধগলিত অবস্থায় ছিল। এ কারণে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও আলামত বিবেচনায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই আশিকুজ্জামানকে পাওয়া যাচ্ছে না এবং তাকে খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ