হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার মধুবাগে নামক স্থানে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার দেয়াল ধসে রাশেদা বেগম (৩৮) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদা গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তিনি মধুবাগ এলাকায় বাসা ভাড়া থাকতেন। বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন তিনি।
রাশেদা বেগমকে হাসপাতালে নিয়ে আসা সাখাওয়াত হোসেন জানান, রাত সাড়ে আটটার দিকে হাতিরঝিলের মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন রাশেদা বেগম। এ সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে তার উপর পড়লে তিনি গুরুতর আহত হন । আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই।পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে