ভুয়া সুপারিশপত্র নিয়ে চাকরির আবেদন, সই জালিয়াতির অভিযোগে নারী গ্রেপ্তার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার সই জাল করে চাকরির জন্য সুপারিশপত্র তৈরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নারীর নাম তাসলিমা পারভীন। তার বয়স ৩৯ বছর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ওই নারীকে আটক করে রাখার পর খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, চাকরির জন্য একটি দরখাস্ত নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে যান তাসলিমা পারভীন। ওই দরখাস্তে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি প্রধান প্রকৌশলীকে জানান।
দরখাস্তটি দেখে প্রধান প্রকৌশলীর সন্দেহ হলে তিনি সেটির ছবি তুলে প্রতিমন্ত্রীর কাছে পাঠান। সুপারিশে থাকা স্বাক্ষরটি তার কি না, তা জানতে চাইলে মন্ত্রী জানান, ওই সুপারিশ বা স্বাক্ষর তার নয়। এরপর দরখাস্তে যাদের সুপারিশের কথা উল্লেখ করা হয়েছিল, তাদের সঙ্গেও যোগাযোগ করেন প্রধান প্রকৌশলী। তাদের কাছ থেকেও সুপারিশের সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রাথমিকভাবে সই জাল করার বিষয়টি স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় তাসলিমা পারভীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মতামত দিন