Views Bangladesh Logo

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি, পুলিশে সোপর্দ এক নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তার নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফাহিয়া আক্তার সাভারের কাউনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, ওই রাতে সাভার থেকে আসা মনি আক্তার নামে এক রোগী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। তার সঙ্গে স্বজন হিসেবে ছিলেন ফাহিয়া আক্তার।

চিকিৎসকরা তাকে ওয়ার্ড থেকে বাইরে যেতে বললে তিনি তা অস্বীকার করেন। পরে সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা আক্তার মীম ও মেডিকেল অফিসার ডা. সাবিনা সুলতানা তাকে বাইরে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে চিকিৎসকদের সঙ্গে ফাহিয়া আক্তারের হাতাহাতি ও বাকবিতণ্ডা হয় বলে জানায় পুলিশ। পরে হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান এবং পরবর্তীতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে ৮ এপ্রিল ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসক আহত হন। ওই ঘটনার পর প্রায় চার ঘণ্টা জরুরি বিভাগের সেবা বন্ধ থাকে এবং পরে বিষয়টি তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ