Views Bangladesh Logo

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী, ৪ দিন পর হাসপাতালে মৃত্যু

ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ার সময় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহেলি ইসলাম (৪২) নামের এক নারী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভুক্তভোগী সোহেলি ইসলাম একমাত্র মেয়েকে নিয়ে বাস থেকে নেমে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। রিকশাটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ টানাহেঁচড়া শুরু করে।

হঠাৎ টানাটানিতে তিনি রিকশা থেকে পড়ে যান এবং গুরুতর আহত হন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং মাথার পেছনে প্রচণ্ড আঘাত লাগে। কান দিয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১১ জুন) তিনি মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ নিজ এলাকা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া এলাকায় দাফন করা হয়।

নিহত সোহেলি ইসলাম ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ধানমন্ডি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি একাই সংসার ও সন্তানের দায়িত্ব পালন করছিলেন। একমাত্র কন্যা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

স্বজনরা জানান, ঘটনার পর আহত অবস্থায় তাকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে, তবে পরিবার পরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

স্থানীয়রা এই ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ