মাদক মামলায় জীবন শেষ করে দেব, শিক্ষার্থীদের হুমকি দেওয়া মুম্বাই পুলিশের ভিডিও ভাইরাল
মুম্বাইয়ে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের ফের বিক্ষোভে যোগ দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিতে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তাকে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ।
বুধবার (২২ জুলাই) একটি পুলিশ ভ্যানের ভেতরে ধারণ করা এই ভিডিওতে দেখা যায়, আটক শিক্ষার্থীদের উদ্দেশে ওই কর্মকর্তা বলছেন, তারা যদি আবার বিক্ষোভে ফেরেন, তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন মামলা হলে জামিন মিলবে না এবং তাদের ভবিষ্যৎ জেলখানাতেই পচে শেষ হয়ে যাবে। এমনকি ওই কর্মকর্তা এই হুমকিও দেন যে, ফের বিক্ষোভে দেখা গেলে তাদের পকেটে ৫০ গ্রাম পাউডার জাতীয় পদার্থ ঢুকিয়ে দেওয়া হবে, আর তাতেই তাদের জীবন শেষ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে ওই কর্মকর্তা স্বীকার করেন, শিক্ষার্থীদের কারণেই আসলে পুলিশকে ভুগতে হচ্ছে। এ সময় ভ্যানের পেছনে বসে থাকা এক শিক্ষার্থীকে হাসতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কংগ্রেস ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তা শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা জানায়। এরপর দ্রুত ব্যবস্থা নেয় মুম্বাই পুলিশ—ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
মুম্বাই ডিসিপি (অপারেশনস) আকবর পাঠান বলেন, ঘটনার তথ্য যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে মুম্বাইতেও। গত কয়েক দিন ধরে শিবাজি পার্ক, চেম্বুর, আজাদ ময়দানসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় ধরনের বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার দিল্লিতে পুলিশের লাঠিচার্জের পর আন্দোলন আরও তীব্র রূপ নেয়, আর এই আন্দোলনে সংহতি প্রকাশকারীদের মধ্যে রয়েছেন বলিউড তারকা ইমরান খানও।
পুলিশের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, অনেকেই বলছেন—শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মতামত দিন