Views Bangladesh Logo

পেটের ভেতরে হাত ঢুকিয়ে পাচারের টাকা বের করে আনব: জামায়াত আমির

ক্ষমতায় গেলে পেটের ভেতরে হাত ঢুকিয়ে পাচারের টাকা বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের প্রায় চার গুণ। এটা জনগণের টাকা। এই টাকা চোর, ডাকাত ও লুণ্ঠনকারীরা বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদের কথা দিচ্ছি—ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনব এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করব। তারপর ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন হবে।

শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়া যাবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ হবে না। যাদের চরিত্রবল আছে, সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সুখে-দুঃখে পাশে থাকে—বাংলাদেশ গড়া হবে তাদের দিয়েই।

বিএনপিকে ইঙ্গিত করে ডা. শফিক বলেন, একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন, যারা কোনো কথা বলতেন না, আজ তারা বাধ্য হয়েছেন ‘হ্যাঁ’–এর পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই, মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়।

তিনি বলেন, ‘হ্যাঁ’–এর বিপক্ষে যারা অবস্থান নেবেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধরে নেবে—তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান, পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে ফিরিয়ে আনতে চান।

শফিকুর রহমান বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সবার বিজয় হবে। আমিও তার বাইরে থাকব না। কিন্তু দল, পরিবার কিংবা গোষ্ঠীর বিজয় হলে—তারপর জাতির ওপর তাণ্ডব চালানো হয়। সেই বিজয়কে আমরা ধিক্কার জানাই। ওই বিজয় আমাদের প্রয়োজন নেই।

যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের তরুণেরা কখনো অপমানজনক বেকার ভাতা চায়নি। যুবকেরা বলেনি—আমাদের বেকার ভাতা দাও। তারা বলেছে—আমাদের হাতে কাজ দাও। আমরা দেশ ও জাতিকে গড়তে চাই। সেই জন্য যুবসমাজের হাতে আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, তুলে দেব সম্মানের কাজ।

মহেশখালী-কুতুবদিয়ার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলকে একটি বড় অর্থনৈতিক হাবে পরিণত করা সম্ভব।

তিনি বলেন, এই এলাকাকে ঘিরে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও ভালো জায়গায় যেতে পারব, যদি সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ