Views Bangladesh Logo

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

সংসার মানেই শুধু ঘর-সংসারের দায়িত্ব, ব্যস্ততা আর প্রতিদিনের হিসাব-নিকাশ নয়। এর ভেতরে থাকে ভালোবাসা, অভিমান, যত্ন, ত্যাগ আর পাশাপাশি পথচলার অসংখ্য গল্প। সেই গল্পে একজন স্ত্রীর অবদান অনেক সময় এতটাই স্বাভাবিক হয়ে যায় যে, আলাদা করে তার প্রশংসা করা কিংবা কৃতজ্ঞতা জানানো হয়ে ওঠে না।

পরিবারের সবার খেয়াল রাখা, স্বামীর কঠিন সময়ে পাশে থাকা, সন্তানদের নিয়ে ছুটে চলা কিংবা নিজের ক্লান্তি আড়াল করে হাসিমুখে দায়িত্ব পালন—এসবের অনেকটাই হয়তো প্রতিদিনের ব্যস্ততায় চোখে পড়ে না। অথচ এসব ছোট ছোট কাজই ধীরে ধীরে একটি সংসারকে গড়ে তোলে।

প্রিয় মানুষটিকে তাই কখনো কখনো থেমে গিয়ে বলা দরকার—‘তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ।’ এমনই একটি উপলক্ষ আজ। সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে পালন করা হয় ‘স্ত্রীর প্রশংসা দিবস’। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি পালন করা হচ্ছে। পরে বিভিন্ন দেশেও দিবসটি পরিচিতি পায়। মূলত স্ত্রীদের ভালোবাসা, যত্ন, ত্যাগ এবং পারিবারিক জীবনে তাদের অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করাই এ দিবসের উদ্দেশ্য।

দাম্পত্য জীবনের শুরুতে একে অপরকে সময় দেওয়া, প্রশংসা করা কিংবা ভালোবাসার কথা বলা খুব স্বাভাবিক। কিন্তু সময়ের সঙ্গে সংসার, চাকরি, সন্তান ও নানা দায়িত্বের ব্যস্ততায় সেই অভ্যাস অনেকটাই হারিয়ে যায়। একই ছাদের নিচে থেকেও কখনো কখনো দুজনের মধ্যে জমে ওঠে নীরবতা।

অথচ প্রিয় মানুষটির মুখ থেকে কয়েকটি ভালো কথা শুনতে কার না ভালো লাগে? তাই আজকের দিনটিতে ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে স্ত্রীকে জানানো যেতে পারে, তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার করা ছোট ছোট কাজ, প্রতিদিনের যত্ন কিংবা কঠিন সময়ে পাশে থাকার বিষয়গুলো যে আপনার চোখ এড়ায় না, সেটিও বলা যায়।

এর জন্য দামি কোনো উপহারেরও প্রয়োজন নেই। অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ ফুল নিয়ে যাওয়া, তার পছন্দের খাবার কিনে দেওয়া কিংবা হঠাৎ দুজন মিলে বাইরে খেতে যাওয়া—সাধারণ এসব আয়োজনও হয়ে উঠতে পারে বিশেষ। সময় থাকলে একসঙ্গে সিনেমা দেখা কিংবা কোথাও ঘুরে আসাও হতে পারে ভালোবাসা প্রকাশের সুন্দর উপলক্ষ।

চাইলে তার পছন্দের কোনো উপহারও দেওয়া যেতে পারে। তবে সব উপহারের চেয়ে কখনো কখনো একটি চিঠিই হয়ে উঠতে পারে বেশি মূল্যবান। সেখানে লেখা যেতে পারে এমন কিছু কথা, যা প্রতিদিন বলা হয় না। বলা যেতে পারে, সংসারের আড়ালে তার করা ছোট ছোট কাজগুলো আপনি দেখেছেন, তার ত্যাগের মূল্য বোঝেন এবং জীবনের কঠিন সময়ে তার পাশে থাকাটা আপনার জন্য কতটা স্বস্তির।

কারও কাছে স্ত্রী প্রেমের মানুষ, কারও কাছে সবচেয়ে কাছের বন্ধু, আবার কারও কাছে জীবনের কঠিন সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। সম্পর্কের ধরন যাই হোক, জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কখনোই ছোট নয়।

তাই আজ একটু ব্যস্ততা সরিয়ে প্রিয় মানুষটির পাশে বসা যায়। খুব সাধারণ করেই বলা যায়—‘তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ’ কিংবা ‘আমার জীবনে তোমার মতো একজন মানুষ আছে, এটাই আমার বড় পাওয়া।’

ভালোবাসার জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। প্রতিদিনই প্রিয় মানুষটিকে ভালোবাসা, সম্মান ও যত্ন করা যায়। তবু কোনো একটি দিন যদি সেই কথাগুলো আবার মনে করিয়ে দেয়, তাহলে সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। আজ তাই একটু বেশি করে প্রশংসা হোক সেই মানুষটির, যিনি প্রতিদিন পাশে থেকে জীবনের পথচলাকে আরও সুন্দর করে তোলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ