ফাইনালে ইংল্যান্ড নয়, কেন আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চান স্পেন কোচ?
বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পর। তবে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে তারা ইংল্যান্ডের বদলে আর্জেন্টিনার বিপক্ষেই খেলতে বেশি আগ্রহী। তবে এর পেছনে কৌশলগত কোনো কারণ নেই, রয়েছে ব্যক্তিগত সম্পর্কের গল্প।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। এটি বর্তমান বিশ্বকাপের প্রতিযোগিতার মান এবং দলগুলোর শক্তিমত্তার প্রমাণ।
ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে চান—এমন প্রশ্নের জবাবে স্পেন কোচ বলেন, তার দলের নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে, কারণ দেশটির কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
একই সঙ্গে তিনি বলেন, ইংল্যান্ডও অত্যন্ত শক্তিশালী দল এবং যে দলই ফাইনালে উঠুক, স্পেন তাদের মোকাবিলার জন্য প্রস্তুত।
দে লা ফুয়েন্তে ও স্কালোনির সম্পর্কের শুরু প্রায় এক দশক আগে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে স্কালোনির প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। ওই কোর্স থেকেই কোচিং লাইসেন্স অর্জন করেন স্কালোনি। পরে আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে তিনি দলকে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জেতান।
এদিকে আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিও তার সাবেক প্রশিক্ষকের প্রশংসা করেন। তিনি বলেন, দে লা ফুয়েন্তে একজন ভালো মানুষ এবং সবসময় তাকে সহযোগিতা করেছেন।
ফাইনালের আগে সাবেক কোচকে ফোন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে হাস্যরস করে স্কালোনি বলেন, আর্জেন্টিনা হেরে গেলে সাহায্য চাইতেই শুধু ফোন করব, তবে সেই প্রয়োজন হবে না।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের বিজয়ী আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলবে। সেখানে আবারও প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে পারেন শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে এবং তার সাবেক শিক্ষার্থী লিওনেল স্কালোনি।
মতামত দিন