Views Bangladesh Logo

যে কারণে ভারতের এই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’

কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনী এই হামলার সাংকেতিক নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তানের দাবি, হামলায় ২৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। অপরদিকে ভারত জানিয়েছে, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে অভিযানটি চালানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়্যবাকে নিশানা করা হয়েছে, যারা কাশ্মীরে সক্রিয় এবং অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়।

এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি এবং হামলার লক্ষ্য নির্বাচনে “সংযম” দেখানো হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানের উদ্দেশে একটি ‘বার্তা’। সিঁদুর হলো হিন্দু বিবাহিত নারীদের সিথিতে ব্যবহার করা এক ধরনের লাল চিহ্ন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সিঁদুর’ নামটি শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানই নয়, বরং জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করছে। এছাড়া ‘সিঁদুর’ শব্দটি সিন্ধু নদীর সঙ্গেও সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সামরিক বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি প্রকাশ করেছে। এটি পেহেলগামে হামলায় নিহতদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেয়ার প্রতিশোধ নিতেই এ নামকরণ করা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

চীন এই হামলাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছে এবং ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল।

ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত উত্তেজনা চলছিল। এর মধ্যেই গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ২৬ জন নিহত হয়। এর পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পায়।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ