Views Bangladesh Logo

চার থেকে আট বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকার কভারেজ বাড়াতে চার থেকে আট বছর বয়সী মেয়েদের নিয়মিত টিকাদানের বিষয়টি বিবেচনা করতে দেশগুলোকে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংস্থাটির টিকাদান বিষয়ক কৌশলগত উপদেষ্টা বিশেষজ্ঞ দল (সেজ) সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সুপারিশের কথা জানায়।

সেজের চেয়ারপারসন অধ্যাপক অ্যান্থনি স্কট বলেন, এত কম বয়সে টিকা দিলে গ্রহণযোগ্যতা ও কভারেজ বাড়বে বলে দেশগুলো মনে করলে তারা এ উদ্যোগ নিতে পারে। অর্থাৎ এটি সব দেশের জন্য বাধ্যতামূলক সুপারিশ নয়, বরং শর্তসাপেক্ষ পরামর্শ। এর সঙ্গে সেজ এক ডোজের সূচিকে অগ্রাধিকার দিয়েছে।

বর্তমানে বিশ্বের প্রায় ১৬৫টি দেশ এইচপিভি টিকা কর্মসূচিতে যুক্ত করেছে। তবে স্কটের ভাষ্য অনুযায়ী বৈশ্বিক টিকাদানের হার মাত্র ৩৩ শতাংশ, যা নির্ধারিত ৯০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। ডব্লিউএইচওর টিকা বিভাগের প্রধান কেট ও'ব্রায়েন জানান, ২০২৫ সালের শেষ পর্যন্ত নয় কোটি ৫০ লাখের বেশি মেয়ে এ টিকা পেয়েছে।

নতুন তথ্যপ্রমাণ পর্যালোচনা করে সেজ সিদ্ধান্ত নিয়েছে, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য এক ডোজের সূচিই লক্ষ্যমাত্রা অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। ২০২২ সালে সংস্থাটি ওই বয়সী মেয়েদের জন্য এক বা দুই ডোজের সূচি সুপারিশ করেছিল। ১৫ থেকে ২০ বছর বয়সী তরুণীদের জন্যও একই নিয়ম ছিল। আর ২১ বছরের বেশি বয়সী নারীদের জন্য ছয় মাস ব্যবধানে দুই ডোজের কথা বলা হয়েছিল।

এক ডোজের টিকাদান কর্মসূচি পর্যায়ক্রমে আরও কিছু গোষ্ঠীর জন্য সম্প্রসারণের পরামর্শও দিয়েছে সেজ। অগ্রাধিকারের ক্রমে প্রথমে ২৫ বছর বয়স পর্যন্ত নারীদের মধ্যে যাঁরা সময়মতো টিকা নিতে পারেননি, তাঁদের টিকা দেওয়া। এরপর ৩০ বছর পর্যন্ত নারী, তারপর ৯ থেকে ১৪ বছর বয়সী ছেলেদের নিয়মিত টিকা এবং সবশেষে ২০ বছর পর্যন্ত পুরুষদের বাদ পড়া টিকাদানের কথা বলা হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখের ক্যানসার। এর বেশির ভাগই সাব-সাহারা আফ্রিকায়। দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলেও এ রোগ নারীদের মৃত্যুর শীর্ষ কারণ। সংস্থাটির হিসাবে ২০২৪ সালে বিশ্বে এ রোগে প্রায় ৬ লাখ ৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ব্রিফিংয়ে ও'ব্রায়েন আরও বলেন, দাতব্য ও অভ্যন্তরীণ তহবিল ঘাটতির কারণে অনেক দেশকে কঠিন অগ্রাধিকার বেছে নিতে হবে। সে ক্ষেত্রে প্রমাণভিত্তিক সিদ্ধান্তে সহায়তা করতে দেশগুলোর জাতীয় টিকা উপদেষ্টা কমিটিকে শক্তিশালী করা প্রয়োজন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ