নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথমবারের মতো নবজাতক ও ছোট শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ম্যালেরিয়ার একটি ওষুধ অনুমোদন দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে এএফপি জানিয়েছে।
অনুমোদিত এই ওষুধের নাম আর্টেমেথার-লুমেফ্যান্ট্রিন, যা বিশেষভাবে নবজাতক ও অল্প বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। আগে শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ওষুধের ডোজ কমিয়ে ব্যবহার করা হতো, এতে ভুল ডোজ প্রয়োগ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং বিষক্রিয়ার ঝুঁকি থাকত।
ডব্লিউএইচও জানিয়েছে, ওষুধটি তাদের প্রাক-যোগ্যতা স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ এটি গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতার আন্তর্জাতিক মান পূরণ করেছে।
সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া শুধু জীবনই নয়, শিশুদের ভবিষ্যৎ, পরিবার এবং সমাজের স্বাস্থ্য ও অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে। তবে নতুন টিকা, উন্নত রোগ নির্ণয় এবং শিশুদের উপযোগী ওষুধ পরিস্থিতি বদলে দিচ্ছে।
তিনি আরও বলেন, ম্যালেরিয়া নির্মূল এখন আর কেবল স্বপ্ন নয়, এটি বাস্তব সম্ভাবনা। তবে এর জন্য প্রয়োজন ধারাবাহিক রাজনৈতিক ও আর্থিক প্রতিশ্রুতি।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ৬ লাখ ১০ হাজার মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ ঘটনা আফ্রিকায় ঘটেছে এবং মৃত্যুর বড় অংশই পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে।
সংস্থাটি আরও জানায়, নতুন এই ওষুধ সরকারি পর্যায়ে সরবরাহ ও ক্রয় প্রক্রিয়া সহজ করবে এবং ম্যালেরিয়া-প্রবণ অঞ্চলে, বিশেষ করে আফ্রিকায়, প্রতিবছর জন্ম নেওয়া প্রায় ৩ কোটি শিশুর চিকিৎসা ঘাটতি কমাতে সহায়তা করবে।
তবে ম্যালেরিয়া মোকাবিলায় এখনও চ্যালেঞ্জ রয়েছে—ওষুধ ও কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা, রোগ শনাক্তকরণের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে