সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন নির্ধারিত নয়: সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কে পড়াবেন, সে বিষয়টি এখনো নির্ধারিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক ম্যান্ডেট মূলত দুটি—জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালনে অপারগ হলে, কিংবা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নির্ধারিত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তার ভাষ্য, সংবিধানে এ পরিষদকে অন্তর্ভুক্ত করা, সংশোধনী পাস হওয়া এবং শপথ পরিচালনার জন্য নির্দিষ্ট কাঠামো নির্ধারণের পরই শপথের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে