Views Bangladesh Logo

গুপ্তচরবৃত্তির আশঙ্কা

চীনফেরত সাংবাদিকদের ফোন হেফাজতে নিয়েছে হোয়াইট হাউস

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা সাংবাদিকদের মোবাইল ফোন সাময়িকভাবে নিজেদের হেফাজতে নিয়েছে হোয়াইট হাউস। সম্ভাব্য গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন থেকে এয়ার ফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্রে ফেরার আগে সাংবাদিকদের ফোন জমা দিতে বলা হয়। হোয়াইট হাউসের প্রেস পুলের এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার কারণে আপাতত তাদের ফোনগুলো নিয়ে নেওয়া হচ্ছে।

পরে সাংবাদিকদের জানানো হয়, চীনে ব্যবহৃত ফোনগুলো বিশেষ সংকেত-প্রতিরোধী ব্যাগে রাখা হবে। এসব ব্যাগকে ‘ফ্যারাডে ব্যাগ’ বলা হয়। ধাতব আবরণযুক্ত এই ব্যাগ মোবাইল ফোনের বেতার সংকেত আদান-প্রদান বন্ধ করে দেয়। ফলে সম্ভাব্য নজরদারি, তথ্য সংগ্রহ বা সাইবার আক্রমণের ঝুঁকি কমানো সম্ভব হয়।

সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জেনিফার জ্যাকবস জানান, এয়ার ফোর্স ওয়ানের একজন কর্মকর্তা চীন সফরে ব্যবহৃত হোয়াইট হাউসের কর্মীদের অস্থায়ী ফোন সংগ্রহ করেন। সেগুলো মুছে ফেলা বা ফেলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। সাংবাদিকদের চীনে ব্যবহৃত ফোনগুলোও যুক্তরাষ্ট্রে বিমান অবতরণ না করা পর্যন্ত সংকেত-প্রতিরোধী ব্যাগে রাখতে বলা হয়।

তবে সফরের আগে যেসব সাংবাদিক ও ফটোগ্রাফার তাদের নিয়মিত ব্যক্তিগত ও অফিসের ফোন, ল্যাপটপ এবং স্মার্টওয়াচ সুরক্ষিত ব্যাগে রেখে এসেছিলেন, সেগুলো তারা ফেরার পথে ব্যবহার করতে পেরেছেন। চীনে ব্যবহৃত ফোনগুলো যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের পর সাংবাদিকদের ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা সতর্ক থাকতে চাই। যাদের কাছে ফোন থাকা উচিত নয়, তাদের হাতে যেন ফোন না থাকে, সেটি নিশ্চিত করতে চেয়েছি। তাই আমরা খুব সতর্ক ছিলাম।”

তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

চীনে সফরকালে ট্রাম্পের সঙ্গে ছিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসংক্রান্ত সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকেরা। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শেনজেনে তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সময়ও নিরাপত্তার কারণে সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের অস্থায়ী ফোনসহ চীনা কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন সামগ্রী জমা দিতে বলা হয়েছিল। তবে সে সময় বেইজিং ছাড়ার পর সাংবাদিকদের ফোন এভাবে সাময়িকভাবে সংগ্রহ করা হয়নি বলে হোয়াইট হাউসের সংবাদদাতারা উল্লেখ করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ