Views Bangladesh Logo

ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারীর পরিচয় শনাক্ত

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অনুষ্ঠান চলাকালেই বাইরে গুলির শব্দ শোনা গেলে সৃষ্টি হয় আতঙ্ক। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তার পরিচয়ও শনাক্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যমের কয়েকজন বিশ্লেষক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টরেন্স এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গ্রেপ্তার রয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি। তারা শুধু নিশ্চিত করেছে, সন্দেহভাজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৈশভোজ চলাকালে হোটেলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। কেউ কেউ পাঁচ থেকে আট দফা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সসহ অন্য কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প ও ভ্যান্স দুজনই অক্ষত রয়েছেন।

এ সময় এক মার্কিন আইন কর্মকর্তা জানান, গুলির শব্দ শোনার পর তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে আনা হয়। বর্তমানে পুরো হোটেলের নিরাপত্তা দায়িত্বে রয়েছে রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। শহরের মেয়র ও পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ