ফলাফল যা-ই হোক, মেনে নেব: ইশরাক হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যেটাই হোক তা মেনে নেব।
বৃহস্পতিবার দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
ইশরাক বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।
তিনি বলেন, পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায়ই চূড়ান্ত, এবং ফলাফল যাই হোক তা মেনে নেব।
ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইশরাক অভিযোগ করেন, ‘গতকাল রাত থেকে জামায়াতের কিছু লোক বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে হেরে যাবে, এজন্য ভোট কেনার চেষ্টা করছে।’
ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পাশাপাশি জামায়াত জোটের মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীক, গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ মাছ প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে