পরীক্ষার ফল আশানুরূপ না হলে কী করবেন, কী করবেন না
প্রতি বছর পরীক্ষার ফল প্রকাশের পর একটা চিত্র বারবার ফিরে আসে— কারও ঘরে মিষ্টিমুখ, কারও ঘরে নিস্তব্ধতা। যারা প্রত্যাশিত ফল পাননি বা ফেল করেছেন, তাদের জন্য মুহূর্তটা কঠিন। আর এই কঠিন সময়েই কিছু শিক্ষার্থী এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা থেকে ফেরার পথ থাকে না। প্রশ্ন হলো, একটা পরীক্ষার ফল কি সত্যিই এত বড়, যে তার জন্য জীবন বাজি রাখতে হবে?
কেন কিছু শিক্ষার্থী চরম সিদ্ধান্ত নেন
মনোরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে, খারাপ ফলের মুখোমুখি হওয়া প্রতিটি শিক্ষার্থীই আত্মহননের পথে হাঁটেন না। যারা হাঁটেন, তাদের মধ্যে আগে থেকেই মানসিক ভঙ্গুরতা বা আবেগপ্রবণতার প্রবণতা থাকে। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক লজ্জার ভয়— বন্ধুবান্ধব ভালো ফল করেছে, নিজে পারেনি, এখন সমাজে মুখ দেখাবে কীভাবে— এই ভাবনাই অনেক সময় সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়ায়। পরিবারের প্রত্যাশা পূরণ করতে না পারার অপরাধবোধও এখানে বড় ভূমিকা রাখে।
শিক্ষার্থীর জন্য করণীয়
একা সব বহন করার দরকার নেই। কষ্টটা মনে চেপে না রেখে বাবা-মা, ভাইবোন, বন্ধু বা কাউকে বিশ্বাস করে বলুন। শুধু কথা বলাই মানসিক চাপ অনেকটা হালকা করে দেয়।
ফল মানেই শেষ কথা নয়। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত নম্বর পাননি বা কোনো বিষয়ে অস্বাভাবিক কম নম্বর এসেছে, তাদের জন্য ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকে। এ ছাড়া আবার পরীক্ষায় বসার, ভিন্ন পথে এগোনোর সুযোগও থাকে— একটা পরীক্ষা কারও ভবিষ্যৎ পুরোপুরি নির্ধারণ করে দেয় না।
তুলনা এড়িয়ে চলুন। অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা করাটাই সবচেয়ে বড় মানসিক ফাঁদ। প্রত্যেকের গতি আলাদা, পথও আলাদা।
একটা বাস্তবসম্মত পরিকল্পনা করুন। কোন বিষয়ে দুর্বলতা ছিল তা চিহ্নিত করে, সেই অনুযায়ী অগ্রাধিকার ঠিক করে সামনে এগোনোর একটা রুটিন তৈরি করুন। লক্ষ্য যত স্পষ্ট, মানসিক অস্থিরতা তত কম।
অভিভাবক ও শিক্ষকের ভূমিকা
সন্তানের ফল প্রকাশের আগে-পরে পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা জরুরি। ফল খারাপ হলে বকাঝকা বা তুলনার বদলে পাশে থাকার আশ্বাস অনেক বেশি কার্যকর। সন্তানের আচরণে হঠাৎ পরিবর্তন— নিজেকে গুটিয়ে নেওয়া, ঘুম বা খাওয়ায় অনীহা, অতিরিক্ত চুপচাপ হয়ে যাওয়া— এসব লক্ষণ অবহেলা না করে গুরুত্ব দেওয়া উচিত।
স্কুল-কলেজেও কার্যকর কাউন্সেলিং সেন্টার ও প্রশিক্ষিত শিক্ষকের উপস্থিতি জরুরি, যারা শিক্ষার্থীদের মানসিক সংকেত বুঝতে পারবেন এবং সময়মতো সহায়তার হাত বাড়াতে পারবেন।
সাহায্য কোথায় পাবেন
মানসিকভাবে ভেঙে পড়া বা আত্মহত্যার চিন্তা মাথায় আসা মানেই দুর্বলতা নয়— এটা এমন একটা সংকেত, যেখানে পেশাদার সহায়তা প্রয়োজন। জাতীয় স্বাস্থ্য হেল্পলাইন ১৬২৬৩ নম্বরে যেকোনো সময় ফোন করে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নেওয়া যায়। এ ছাড়া বেসরকারি সংগঠন 'কান পেতে রই'-এর মতো ইমোশনাল সাপোর্ট হেল্পলাইনও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিনামূল্যে মানসিক সহায়তা দিয়ে থাকে।
মনে রাখা জরুরি— একটা পরীক্ষার ফলাফল জীবনের একটামাত্র অধ্যায়, পুরো বই নয়।
মতামত দিন