জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছার জবাবে যা বললেন নরেন্দ্র মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তারেক রহমানের শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদি তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।’
১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কর্মোদ্যম কামনা করেন।
তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। জন্মদিনের এই বিশেষ দিনে আপনার জন্য অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও প্রাণবন্ত উদ্যম বজায় থাকুক।’
তারেক রহমানের শুভেচ্ছার পর নরেন্দ্র মোদির এই জবাব দুই দেশের সরকারপ্রধানের মধ্যে সৌজন্য ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি সামনে এনেছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছিল। ১৪ জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়। এতে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে নয়াদিল্লিতে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
১০ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ভারত থেকে বাংলাদেশ দুটি আমন্ত্রণ পেয়েছে। এর একটি ছিল তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের জন্য, অন্যটি বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য। তখনও কোনো আমন্ত্রণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পরে ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না। তিনি বলেন, আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি জানান, উপযুক্ত পরিবেশ তৈরি হলে তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতে পারেন।
মতামত দিন