মামুনুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঘোষিত ইশতেহারে নাগরিক জীবনের জরুরি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত ঢাকা-১৩ গড়ে তুলতে ভূমি, ট্রেড লাইসেন্স ও জন্মনিবন্ধনসহ সব সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু ও প্রকল্পের ব্যয়-অগ্রগতি প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা।
সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং কিশোর গ্যাং দমনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ইশতেহারে সড়ক নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, আধুনিক নগর ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং গ্যাস-পানি-বিদ্যুৎ সংকটের টেকসই সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষা, নারীর অধিকার ও শিশুর উন্নয়ন, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন এবং শহীদ ও বীরদের মর্যাদা নিশ্চিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
মাওলানা মামুনুল হক বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে