বাংলাদেশ কী পাবে, সেটিই হবে কূটনৈতিক সম্পর্কের প্রধান বিবেচ্য বিষয়: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে জাতীয় স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে। বাংলাদেশ কী পাবে এবং দেশের মানুষ কতটা উপকৃত হবে—সেটিই হবে কূটনৈতিক সম্পর্কের প্রধান বিবেচ্য বিষয়।
শনিবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেন) আয়োজিত ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক সম্পূর্ণ জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে। অন্ধভাবে কোনো দেশের পক্ষে বা বিপক্ষে না গিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে কৌশলগত ভারসাম্য বজায় রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার।
তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতিতে প্রথমবারের মতো সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল অর্থনীতিকে ‘সফট পাওয়ার’ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’, ‘মাইগ্রেশন’ এবং ‘ক্লাইমেট রেজিলিয়েন্স’ নামে তিনটি নতুন অনুবিভাগ চালু করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকার জ্বালানি ও শ্রমবাজার বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি ও পানিবণ্টনসহ বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায় বাংলাদেশ। এ জন্য কার্যকর কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা জরুরি।
আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ কূটনীতিক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন।
মতামত দিন